Thursday, February 4, 2010

শেষ পড়া গল্পটাকে ...

আবার নৈঃশব্দ্য অথবা নৈঃশব্দ্যে আবার, অবুঝ কার্ণিশে দুপুর লেগে থাকবে আজকেও, ব্যালকনিতে দাঁড়ালে সেটা আর কেউ দেখুক না দেখুক আমি দেখবোই, তারপর? ওইখানে, ঠিক, ওইখানে ... সময় বলে কিছু হয় না, ওইখানে আজ-ও রাত্তিরবেলা সমস্ত কাজ সেরে দাঁড়ালে অস্পষ্ট একটা ডাক শোনা যায়... যে কাগজের নৌকোটা আমার পাড়ায় ভাসিয়েছিলাম ওইখানে তার জন্য ঘূর্নি অপেক্ষা করে থাকে ...অবশ্যম্ভাবী সর্বনাশের থেকেও বেশী যেন তার আকর্ষণ ... কতকাল থেকে আঙুলের ফাঁক টা রিফার খুঁজে মরছে, একলা শহরে রাত্তির নামছে, নামছে, নামছে ...
আবার?
আবার?
আরেক বার?
'চলো একটা খেলা খেলি?'
'ধুস, আমাদের সে বয়স কি আর আছে?"
'বয়সটা আছে কিনা সেটা ইম্পর্ট্যান্ট নয়, ... তোমার সাহস আছে?'
'আরেকবার খেলার? এবার যদি ধরা পড়ে যাও?'
'যাবো'
'কে হাত ধরে তুলবে?'
'শোনো অতো ভাবলে ভাবাই হবে, আমাদের যে দিন ফুরোলো সেটা বেমালুম ভুলেই গেলে?'
'সেটা বেমা্লুম ভুলেই গেলাম, সেটা বেমালুম ভুললাম, আর ... আর কক্ষনো বোকামো করবো না ভেবেও আবার তোমাকে, তোমাকেই আবার ... '

আমরা এইরকম ভাবেই হাঁটি,
খুব সাবধানে পা ফেলতে ফেলতে পেরিয়ে যাই এক একটা আলোকবর্ষ, সব কথা ফুরিয়ে গেলেও বড়ো ভালো লাগে এই মধ্যবর্তী শুন্যতা, রিফারটা একটু একটু করে শেষ হচ্ছে, নষ্ট হচ্ছে আরেকটা ক্যালিপসো.. একটা বিস্ময়চিহ্ন কিচ্ছু না বুঝে তাকিয়ে আছে আমার দিকে ... আর এক জীবন ভুলের মধ্যে দাঁড়িয়েও বুঝছি ... তুমি, তুমি ... শুধু একমুঠো নির্বাক ছুঁড়ে দিচ্ছো আলগোছে ...

Sunday, October 25, 2009

যদি চলে যেতে বল,
পরিযায়ী হাঁসের পরিচয়ে
ঠোঁটে মেখে নিয়ে তোমার এ শহরের ঘ্রাণ,
উড়ে যাব বিনা বাক্যব্যয়ে ।


তবে যদি থাকতেই হয়,
তবে লাল-হলুদ-কমলা আগুন জ্বলুক
পর্ণমোচীর মাথায়।
প্রতিটি রক্তের ফোঁটা ফিরে আসুক
শৈশবের ক্যাম্বিস বল হয়ে।
ইট-কাঠ-পাথরেরা হয়ে উঠুক
আনারকলির শিঞ্জন-হাসি।
চলো - শান্ত প্রশ্বাসের ভাষায়
আজ হোক ভালবাসাবাসি।

Friday, October 9, 2009

মাঝে মাঝে আনন্দহীন রক্তাক্ত হয়ে যায় পথ,

এক ডানা ঝাপটায় দিকভুল সীগাল-এর সার
শিমুল আকাশে ভাসে অকারণ বিস্ফোরণ-শপথ
কোনো মন পায় কোনো অন্তরীণ দীর্ঘ আকার
সমস্ত ভাসিয়ে দিয়ে উন্মুখ আমি
শুধু একটি অবাস্তব চুম্বন প্রত্যাশা করি ...

 - গৌরবদা এই ব্লগ টার কথা শুনে এই কবিতাটা আমায় পাঠিয়েছিল ... এ্টা দিয়েই শুরু হোক ...
আমরা লেখায় থাকবো ... আমরা নেশায় থাকবো ... গল্পের মৃত্যু নেই ...